এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বগুড়া সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশার নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি সভায় উঠে আসে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পূজার দিনগুলোতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে প্রতিমা দর্শনের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান।
এ ছাড়া লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক আলী, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা এবং নুনগোলা ইউনিয়নের প্রশাসক শাকিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের বগুড়া জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সদর উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক বিপুল কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

