দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬:মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ, ডিএসসি, এএম, সিএসসি। রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক আগামী দিনে আরও নিবিড়, গতিশীল ও সুদৃঢ় হবে।

