মিন্টু ইসলাম:
বগুড়া, ৯ জুন ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে জেলার বিভিন্ন শিল্প ও উৎপাদন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে বিসিএল বোর্ড মিলস লিমিটেড (প্লাইউড), সুজাবাদ, শাজাহানপুরে লাইসেন্স নবায়নের তাগিদ প্রদান করা হয়। মজুমদার প্রডাক্টস লিমিটেড (রাইস ব্রান অয়েল), ছোনকা, শেরপুর থেকে মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া ওয়েস্টার্ন এগ্রো প্রডাক্ট, শেরপুরে এডিবল রাইস ব্রান অয়েলের উৎপাদন কার্যক্রম বন্ধ পাওয়া যায়।
অপরদিকে নারিশ এগ্রো লিমিটেড (পোল্ট্রি ফিড) ও নারিধ ফিডস লিমিটেড (ফিশ ফিড), ভবানীপুর, শেরপুরকে লাইসেন্স নবায়নের তাগিদ দেওয়া হয়। এছাড়া বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুজাবাদ, শাজাহানপুরের সিরামিক টাইলসের লাইসেন্স নবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নমুনা সিলগালা করা হয়।
সার্ভিল্যান্স কার্যক্রমে অংশগ্রহণ করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানুর হোসেন খান।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

