দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে মেলে না বলে মন্তব্য করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ছুটির দিন, সরকারি অবকাশ কিংবা উৎসবের সময় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক একসঙ্গে বাইরে বের হলে অনেকের মনে হতে পারে যেন পুরো এলাকা বিদেশিদের দখলে চলে গেছে। তবে প্রকৃত চিত্র ভিন্ন।
জাকারিয়া শাবান জানান, বর্তমানে মালয়েশিয়ায় ৩০ লাখেরও বেশি বিদেশি বৈধ কর্মঅনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কাজ করছেন। তারা নির্মাণ, উৎপাদন, বাগান, সেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে শ্রম দিয়ে দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
তিনি বলেন, বিদেশিদের উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক বা ভুল ধারণা না ছড়িয়ে বাস্তব পরিস্থিতি বোঝা প্রয়োজন। কারণ মালয়েশিয়ার বিভিন্ন শিল্পখাত এখনো বিদেশি শ্রমিকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের বিষয়ে নেতিবাচক মনোভাব না রেখে তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা উচিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকরা মালয়েশিয়ার উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ার দ্রুত অর্থনৈতিক অগ্রগতির পেছনে স্থানীয় জনশক্তির পাশাপাশি বিদেশি শ্রমিকদের অবদানও গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্রমঘন খাতগুলোতে তাদের অংশগ্রহণ দেশটির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে সহায়তা করছে।

