দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার পরিচয়পত্র, অনলাইনে জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার ভাড়া বাড়িতে বসে কথিত অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, চক্রটির মূল লক্ষ্য ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য সংযুক্ত করে জাল নথি তৈরি করতেন।
পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স আরও জানান, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার পরিচয়পত্র, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ জানায়, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

