দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২ নভেম্বর ২০২৬:তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ও বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শ্রমিকদের কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত পোশাক শ্রমিক কিংবা ট্রেড ইউনিয়ন নেতাদের সম্পৃক্ততা নেই বলে মনে করছে সরকার। বিগত কয়েক দিনের সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, রাজনৈতিক ফায়দা হাসিল এবং শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি মুখে মাস্ক পরে আন্দোলনস্থলে প্রবেশ করে ভুয়া স্লোগান দিয়ে সহিংসতা ছড়িয়েছে।
তিনি বলেন, যারা ইচ্ছাকৃতভাবে সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা শ্রমিকদের বন্ধু হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
শ্রমিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপপ্রচারে কান না দিয়ে অবিলম্বে কাজে ফিরে যেতে হবে এবং নিজ নিজ কর্মস্থলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রেপ্তার হওয়া নিরপরাধ শ্রমিক ও নেতাদের আইনানুগভাবে মুক্তির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।
মজুরি বোর্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি তিন বছর অন্তর মজুরি বোর্ড পুনর্গঠনের অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করেছে। প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনযাত্রার মান এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। শিগগিরই ন্যূনতম মজুরি নির্ধারণসংক্রান্ত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রিফিংয়ে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং নবগঠিত ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার শ্রমিকদের অবিলম্বে কারখানায় ফিরে গিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলো কোনো আনুষ্ঠানিক ধর্মঘট কিংবা কারখানা বন্ধের ডাক দেয়নি। বরং কিছু বহিরাগত কারখানায় ঢিল ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শ্রমিকদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন। সরকার দ্রুত সেই বোর্ড গঠন করেছে। বোর্ডের প্রথম সভায় শ্রমিক পক্ষ থেকে জোরালো প্রস্তাব তুলে ধরা হবে।
বাবুল আক্তার আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে কোনো শ্রমিক সংগঠন সংশ্লিষ্টদের পাশে দাঁড়াবে না। তাই উৎপাদন সচল রেখে নিয়মতান্ত্রিকভাবে মজুরি বোর্ডের মাধ্যমে দাবি আদায় করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই যৌক্তিক ও মানসম্মত নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিশিষ্ট শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মির্জা আল শামীম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তফা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বাবুল, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শাকিল হোসেন মোবারক, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ পোশাক শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমীন এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. জাকির হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
সুত্র: প্রেসসচিব।

