মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর পৌর এলাকার টাউনকলোনির বাসিন্দা সালমি। অত্যন্ত ভদ্র, নম্র ও শান্ত স্বভাবের একটি ছেলে। দেখা হলেই হাসিমুখে সালাম দিয়ে জিজ্ঞেস করে, ‘কেমন আছেন ভাইয়া?’
এলাকায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সবার সঙ্গে ভালো ব্যবহার করা এই ছেলেটি আজ কঠিন এক বাস্তবতার মুখোমুখি।
সম্প্রতি বড় ধরনের অস্ত্রোপচার শেষে বাড়িতে ফিরেছে সালমি। রাস্তায় দেখা হলে সে আমাকে বলছিল, ‘ভাইয়া, আমি অসুস্থ, তুমি কি জানো? আমার জন্য দোয়া করো।’
জানা গেছে, সালমি ক্যান্সারে আক্রান্ত। তবে সে নিজেও তার অসুস্থতার ভয়াবহতা সম্পর্কে জানে কি না, তা নিশ্চিত নই। তার শরীরের কিছু অংশে পচন ধরেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা গেছে, তার চিকিৎসায় প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত বিপুল অর্থের জোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ছেলেকে বাঁচাতে বাবা-মা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরিকল্পনাও করছেন তাঁরা।
সালমির পরিবারের এই অসহায়ত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। যে বয়সে তার স্বপ্ন দেখার কথা, সুন্দর ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে।
মানবিক আবেদন
শেরপুর উপজেলার সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ—সালমির পাশে দাঁড়ান।
আপনাদের সামান্য সহযোগিতাও তার চিকিৎসার জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একটি তরুণ প্রাণ বাঁচানোর চেষ্টা করি।
সালমির স্বপ্নগুলো যেন মাঝপথে থেমে না যায়। সে যেন সুস্থ হয়ে আবার হাসিমুখে আমাদের মাঝে ফিরে আসতে পারে। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।
সালমির চিকিৎসায় সহযোগিতা ও যোগাযোগ:
☎️ ০১৭৭৮২১১১৪৬
(সালমির বাবা)
মানবিক সহায়তায় এগিয়ে আসুন। আপনার সহযোগিতা হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন।

