দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) অংশ নিতে অ্যান্টিগুয়া ও বারবুডায় বাংলাদেশের প্রতিনিধিদল।
অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত প্রাক-সিএইচওজিএম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
স্থানীয় সময় ২ নভেম্বর সকালে অ্যান্টিগুয়া ও বারবুডার আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা অংশ নেন।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এর আগে ১ নভেম্বর সন্ধ্যায় ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সেন্ট জনসে পৌঁছান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সমৃদ্ধ কমনওয়েলথ গঠনে অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা’।
সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধান পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে তিনি একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারত্ব, বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

