ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ৭ আগস্ট ২০২৬ খ্রি.ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ জানায়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।
বাংলাদেশ পুলিশ জানায়, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে সংশ্লিষ্টতা, সরকারি দপ্তরে অন্যায় তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির বিষয়ে তথ্য-প্রমাণ রয়েছে।
পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করতে। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

