দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি।
এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। চতুর্থ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের এই কোরআনের হাফেজ। সৌদি আরব ও অন্যান্য দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রতিযোগীদের হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় পাঁচটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শাখায় মোট ৫০ জন বিজয়ী নির্বাচিত হবেন। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই সাফল্যে বাংলাদেশে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। খেলাধুলার পাশাপাশি ধর্মীয় ও জ্ঞানভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি তরুণদের এমন অর্জনও দেশের জন্য সম্মানের বলে মনে করছেন অনেকে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশবাসী। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআনের হাফেজদের আরও সাফল্যের প্রত্যাশা করা হচ্ছে।

