
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশ থেকে ‘এক শর্তে’ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। সরকার যদি গণভোটের রায় মেনে নেয়, তাহলেই দলটি লড়াইয়ে নামবে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুরে বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখব।
সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারে না, এমপি মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগায় এবং তাদের পালিয়ে বেড়াতে হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের মন্ত্রিসভায় রাখা যায় কিনা- প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।
Reporter Name 













