
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সিদ্দীককে (৬২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে বগুড়া সদর থানাধীন কুরশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সিদ্দীক গ্রেফতার এড়াতে বগুড়া সদর থানার কুরশাপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সিদ্দীক (৬২), পিতা—মোঃ গেন্দা শেখ, সাং—কুরশাপাড়া, থানা—বগুড়া সদর, জেলা—বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দল।
গ্রেফতারকৃত সিদ্দীক মামলা নং-১৯৫১/২৬ (দায়রা), জি.আর. নং-১৩০/১৫ (সদর) এবং প্রসেস নং-২৮৩০/২৬, তারিখ ২১/১০/২০২৬-এর একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১২ জানায়, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
জননিরাপত্তা রক্ষা ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা অপরিহার্য। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার লক্ষ্যে এসআরবি-১২ দৃঢ়প্রতিজ্ঞ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 














