এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা।
শনিবার (১ আগস্ট ২০২৬) বাদ আসর নগরীর নবাববাড়ী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এতে বক্তব্য দেন মহানগর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং শ্রমিক নেতা আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণভোটের সময় বিএনপি জনগণকে সমর্থনের আহ্বান জানালেও সরকার গঠনের পর তারা গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। তাদের দাবি, জনগণের দেওয়া রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে এবং গণভোটে দেওয়া রায়ের মাধ্যমে অপরাধের বিচার ও সংস্কারের পক্ষে মত প্রকাশ করেছে। তারা সরকারের প্রতি গণভোটের ফলাফল ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এবং ভবিষ্যতে কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসন জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে গণমিছিলটি সমাপ্ত হয়।

