স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন জাহিদুল ইসলাম (৫৫), রাজাহার ইউনিয়নের আব্দুল গণির ছেলে নুরুন্নবী সরকার (৫০) ও ১৯ দিন বয়সী এক শিশু। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে মৌসুমী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে আসা একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ দুজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেওয়ায় অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের লাশ পেয়েছি। নিহতদের পরিচয় শনাক্তসহ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

