দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দিয়ে একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিরল নজির স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে তিনি বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। ভাষণে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা, মানবাধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক চেতনা এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে একই পরিবারের বাবা, মা ও ছেলে—তিনজন রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ঘটনা বিরল। সেই ধারাবাহিকতায় তারেক রহমান হলেন পরিবারের তৃতীয় সদস্য, যিনি বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দিলেন।
ভাষণের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিকে সম্বোধন করে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের জাতিসংঘে দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি কিছুটা স্মৃতিকাতর। তাঁর পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া একই মঞ্চে দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তিনিও বাংলাদেশের জনগণের স্বার্থ এবং শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে বক্তব্য দিচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের প্রথম সদস্য হিসেবে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ওই ভাষণে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জিয়াউর রহমান শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
জাতিসংঘের নথিপত্র অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া মোট পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালে দুটি পৃথক সভায়ও তিনি বক্তব্য দেন।
পারিবারিক সেই ধারাবাহিকতার তৃতীয় সদস্য হিসেবে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলায় দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সংকট গুরুত্ব পায়। একই সঙ্গে বাংলাদেশের জনগণের স্বার্থ, মানবাধিকার, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

