দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে সারাদেশে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
গতকাল সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার আগের নির্ধারিত সময়সূচি পুনরায় কার্যকর হবে। সে অনুযায়ী, ওই দিন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
এই নিয়ম অমান্য করলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে প্রশাসন।

