https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

admin
September 5, 2026 10:13 pm
Link Copied!


এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
নানা ধর্মীয় ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

‎সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শহরের জিলা স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
‎শোভাযাত্রায় নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই ধর্মীয় ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেন। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

‎সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অন্যায়-অবিচার ও অশুভ শক্তির বিস্তার রোধ করে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যের সময় জন্মাষ্টমী পালিত হয়।
‎মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

‎প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, এ দেশ সবার। মানবিকতা, সাম্য ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করায় তিনি তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

‎রেজাউল করিম বাদশা আরও বলেন, একটি গোষ্ঠী নতুন করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিহত করে একটি নতুন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলে তা আগামী প্রজন্মের হাতে তুলে দিতে হবে।
‎আলোচনা সভায় আরও বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলোক রায়। জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসবটি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।