এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, নবাগত শিক্ষার্থীদের বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল উন নবী সালাম।
কলেজের সভাপতি ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এ দিনের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তাঁরা বলেন, আধুনিক ও কর্মমুখী শিক্ষায় নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও প্রাণচাঞ্চল্য যোগ করে।
এ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখার প্রয়াস নেওয়া হয়।

