এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের উপদেষ্টা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াজেদ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বগুড়া সদর উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় স্থানীয় পর্যায়ে সরকারি সেবার কার্যক্রম আরও সহজ ও গতিশীল করা, জনসাধারণের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির কার্যক্রম জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সভার মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

