এম.এ রাশেদ: বগুড়ায় মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া। পৃথক সাতটি অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৩ গ্রাম হেরোইন ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে আভিযানিক দল।
গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, অবৈধ অস্ত্র বহনকারী এবং পুলিশ আক্রান্ত ও ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি রয়েছেন।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. শামীম (৬২) ও মো. তাজউদ্দীন শেখ ওরফে উজ্জ্বলকে (৪৮) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর একই দিন রাত সাড়ে ৯টার দিকে হাড্ডিপট্টি হরিজন কলোনি এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে হেনা (৪৪) ও জান্নাতি খাতুন (২৬) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪৩ গ্রাম হেরোইন, দুটি মুঠোফোন, দুটি সিম কার্ড এবং নগদ ৩৫ হাজার ৬৫০ টাকা জব্দ করেন অভিযানসংশ্লিষ্ট সদস্যরা।
অন্যদিকে, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগের ভিত্তিতে ৭ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মাটিডালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামের এক ব্যক্তিকে একটি বার্মিজ চাকু, একটি স্মার্টফোন ও দুটি সিম কার্ডসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন ভোর ৪টা ২০ মিনিটে পিটিআই মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে নাহিয়ান ইসলাম সিয়াম (২৬) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকেও একটি বার্মিজ চাকু, একটি স্মার্টফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
এদিকে, পুলিশ আক্রান্ত মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান চালায় এসআরবি-১২-এর সদস্যরা। এর অংশ হিসেবে ৮ নভেম্বর রাত ১টা ২৫ মিনিটে ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে বগুড়া সদর থানায় দায়ের করা একটি পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় ১৩ নম্বর আসামি আরিফ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত ৩টা ২০ মিনিটে উত্তর চেলোপাড়া এলাকায় নিজ বাসা থেকে ওই মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি করুলকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাখাল ওরফে আকালুকে (৩৫) ৮ নভেম্বর রাত ৩টা ৪০ মিনিটে শহরের সাতমাথা এলাকায় অগ্রণী ব্যাংক পিএলসির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করাই এসব অভিযানের মূল উদ্দেশ্য।

