বগুড়া প্রতিনিধি:
মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের (কাজী) বর্তমান অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বগুড়ায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতি, বগুড়া’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে বগুড়া জেলা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির পক্ষ থেকে কাজীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কাজী মাওলানা মোঃ মুন্জুরুল হক মিঠু, কাজী মাওলানা মোঃ আবুবকর সিদ্দিক, কাজী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ ও কাজী মাওলানা মোঃ মোনায়েম খান।
এ কর্মসূচিতে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত শতাধিক নিকাহ রেজিস্ট্রার (কাজী) অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা প্রতিটি ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের প্রস্তাব বাতিল এবং বর্তমানে দায়িত্ব পালন করা কাজীদের বিদ্যমান কর্মক্ষেত্র বা অধিক্ষেত্র সুরক্ষার দাবি জানান।
তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র বহাল রাখা এবং পেশাগত স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এ সময় তারা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

