এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বসতঘর থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তাঁদের দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। স্ত্রী বিদেশে থাকায় টুলু মিয়া নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
শনিবার সকালে ঘরের ভেতরে বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান মেয়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট মেয়ে জুথি আক্তারের দাবি, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন। তবে স্থানীয়দের মধ্যে এ মৃত্যু নিয়ে ভিন্ন ধরনের আলোচনা রয়েছে। কারও ধারণা, অসুস্থতাজনিত কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মক্ষতি করে থাকতে পারেন। আবার অন্য কোনো ব্যক্তি তাঁকে আঘাত করেছেন কি না, সে প্রশ্নও উঠেছে।
তবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

