ঢাকা প্রতিনিধি:
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযানে ক্রিপ্টোকারেন্সি প্রতারক চক্রের এক সদস্য, মাদক ব্যবসায়ী চক্রের আট সদস্য এবং গোডাউন চুরির ঘটনায় জড়িত তিনজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসব পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ক্রিপ্টোকারেন্সি প্রতারণার সঙ্গে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পুরিয়া হেরোইনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’-এর ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার গোডাউনে চুরির ঘটনায় জড়িত সন্দেহে চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদসূত্র: ঢাকা জেলা পুলিশ।

