এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার ধুনটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৭ বছরের পথচলা পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ধুনট বাইপাস মোড়ের হাইওয়ে ক্যাফেতে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি ফজলে রাব্বি শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন দোলা, সাংবাদিক রেহানুল হক রিকো, দুলাল হোসেন, মনির ও দৈনিক আজকের ধুনটের সহ-সম্পাদক তানিয়া সরকার এবং পরিবার পরিকল্পনা সহকারী আরহানা মোস্তারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে একটি পত্রিকা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৭ বছর ধরে সংবাদ পরিবেশনের যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

