এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার বিএনপির তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও পরিচিত মুখ আইভি চৌধুরী। রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই, প্রতিকূল পরিস্থিতি, মামলা ও পুলিশি হয়রানির অভিজ্ঞতার মধ্যেও দলীয় আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এই নারী নেত্রী। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম—সব ক্ষেত্রেই দলের পাশে থাকার দাবি তার।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনের প্রতি অনুরাগী আইভি চৌধুরী বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আইভি চৌধুরীর ভাষ্য, রাজনীতি কখনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি কিংবা অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করার, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এবং সংগঠনের জন্য নিজেকে উৎসর্গ করার একটি ক্ষেত্র। তার কাছে পদ-পদবি বড় বিষয় নয়; বরং দলীয় দায়িত্ব যথাযথ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করাই মুখ্য।
তিনি আরও জানান, আগামী দিনে বগুড়া মহানগর মহিলা দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে চান। দলের নেতৃত্ব যে দায়িত্ব অর্পণ করবে, তা যথাযথভাবে পালনের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা তার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে আইভি চৌধুরী বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামীতেও কাজ করে যেতে চান।
তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, নারী কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করা এবং মহিলা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করাকে ভবিষ্যতের অন্যতম লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।
তার প্রত্যাশা, তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে বগুড়া মহানগর মহিলা দল আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে। দলের দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আইভি চৌধুরী।

