শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছেন অনেক পথচারী। ফুটওভারব্রিজ ব্যবহার না করে উঁচু কংক্রিটের রোড ডিভাইডার বা বাউন্ডারি টপকে রাস্তা পারাপারের এ প্রবণতা দিন দিন উদ্বেগের কারণ হয়ে উঠছে।
ঢাকা-বগুড়া চার লেন মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকাটি অত্যন্ত ব্যস্ত। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত দ্রুতগতিতে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এমন পরিস্থিতিতে ডিভাইডার টপকে হঠাৎ মহাসড়কে নেমে পড়লে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের মতে, অনেক পথচারী কয়েক মিনিট সময় বাঁচাতে কিংবা সিঁড়ি বেয়ে ফুটওভারব্রিজে ওঠার কষ্ট এড়াতে নিচ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এতে নিজেদের জীবন বিপন্ন করার পাশাপাশি সড়কে চলাচলকারী যানবাহনের জন্যও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। সম্প্রতি এ এলাকায় রোড ডিভাইডার পার হওয়ার সময় যানবাহনের ধাক্কায় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এ অবস্থায় দুর্ঘটনা রোধে কংক্রিটের রোড ডিভাইডারের ওপর প্রয়োজন অনুযায়ী লোহার গ্রিল বা উঁচু নিরাপত্তাবেষ্টনী স্থাপনের দাবি উঠেছে। পাশাপাশি ফুটওভারব্রিজ ব্যবহারে পথচারীদের সচেতন করতে প্রচারণা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর দাবি, শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। নিয়মিত নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে ঝুঁকিপূর্ণ পারাপার কমানো সম্ভব হবে।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে পথচারীদেরও সচেতন হতে হবে। কয়েক মিনিট সময় বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি না নিয়ে ফুটওভারব্রিজ ব্যবহার করাই সবার জন্য নিরাপদ।

