শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে রেলওয়ে প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। তাঁদের অভিযোগ, একই এলাকায় অন্যদের জমির মূল্য যেখানে শতাংশপ্রতি ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে তাঁদের জমির মূল্য ধরা হয়েছে মাত্র ৭ হাজার টাকা, যা চরম বৈষম্যমূলক।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে আয়োজিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ করতে বগুড়া থেকে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন পর্যন্ত ৮৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। প্রকল্পের আওতায় প্রায় ৯৬০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়া জেলায় ৪৭৯ একর এবং সিরাজগঞ্জ জেলায় ৪২০ একরের বেশি জমি রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৯০০ কোটিরও বেশি টাকা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. রাসেল আহম্মেদ বলেন,
“পাশের এলাকার জমির জন্য সরকার শতাংশপ্রতি দেড় লাখ টাকা দিচ্ছে, অথচ আমাদের জমির মূল্য ধরা হয়েছে মাত্র সাত হাজার টাকা। একই এলাকার জমির ক্ষেত্রে এমন বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত জমির পুনর্মূল্যায়ন করে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

