এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার সুলতানপুর সাকিদারপাড়া এলাকার মো. খোকনের ছেলে মো. রয়েল হোসেন (৩৪) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুঞ্জা গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. দেলোয়ার প্রামাণিক (৪৪)।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
আদালত মো. রয়েল হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. দেলোয়ার প্রামাণিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

