এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৮ জুন ২০২৬ ) দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কাহালু উপজেলার অবিলম্ব এলাকার মো. সাকিম প্রামাণিক (২৮), পাইকড় সাহানাপাড়া এলাকার মো. আব্দুল রহিম রজব (৪৮) এবং কাজীপাড়া এলাকার মো. পিনজু (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যের অপরাধে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ৫০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি প্রদান করেছে।
ডিএনসির কর্মকর্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

