এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে শনিবার (২০ জুন ২০২৬) অনুষ্ঠিত হাসপাতাল পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সকাল ১১টার দিকে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
সভায় জানানো হয়, হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করতে দ্রুত নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত নিজস্ব মাঠে বহুতল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসাসেবার আধুনিকায়নের অংশ হিসেবে পূর্বে বার্ন ইউনিটের জন্য নির্ধারিত ওয়ার্ডকে আধুনিক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ওয়ার্ডে রূপান্তরের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এ আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল চেয়ে শিগগিরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তারা হাসপাতালের সেবার মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রোগীদের সার্বক্ষণিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করা হয়।
এ ছাড়া হাসপাতালের ক্রমবর্ধমান সেবার চাহিদা পূরণে নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

