
শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) এর উদ্যোগে শেরপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার (১৯ জুন) উপজেলার অডিটোরিয়ামে সকাল ১১ টায় সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুসাসের সহ-সভাপতি জাহিদ ইবনে হাসান, ধন্যবাদান্তে ছিলেন পুসাসের সাধারণ সম্পাদক মোঃ শওকত শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আমিরুল ইসলাম, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিন,ডাঃ অমিত কুমার লাহা,শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ মোঃ ইকবাল হোসেন সনি,শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম,বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শফিকুল ইসলাম মিটু। আরও উপস্থিত ছিলেন পুসাসের সাবেক সভাপতি ডাঃ মোঃ তাওহীদুল ইসলাম সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুসাসের অর্থ সম্পাদক- আব্দুর রউফ মুজাহিদ।
অনুষ্ঠানে শেরপুর উপজেলার স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে যারা বিভিন্ন সরকারি চাকুরিতে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদেরকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সেশনে চান্সপ্রাপ্ত প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
পুসাসের এমন উদ্যেগে সন্তুষ্ট হয়ে উচ্ছ্বসিত কন্ঠে শিক্ষার্থীরা বলেন,পুসাসের এমন আয়োজনের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের উপজেলা থেকে কত শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় চান্স পায়।সেইসাথে আমাদের উপজেলার সিনিয়রদের সাথে আমরা পরিচিত হতে পারি এবং তাদের সাথে আমাদের একটা আত্মিক মেলবন্ধন ঘটে।
Reporter Name 














