
শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি)’ কর্মসূচির ২০২৭-২০২৯ চক্রের উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সভাটির আয়োজন করে।
সভায় জানানো হয়, ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ২১ মাস মেয়াদি এ কর্মসূচি বাস্তবায়িত হবে। কর্মসূচির আওতায় অতিদরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের পরিবারের নারীদের উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করা হবে।
আগ্রহী নারীরা আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদ, যেকোনো কম্পিউটারের দোকান অথবা ‘VWB’ মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে হলে আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর থাকতে হবে।
সভায় আরও জানানো হয়, এ কর্মসূচির সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কোনো ধরনের ফি বা পারিশ্রমিক ছাড়াই নির্বাচিত একজন দরিদ্র ও বিপর্যস্ত নারী এ সুবিধার আওতায় আসবেন। এ ক্ষেত্রে উপকারভোগী নির্বাচনে নির্ধারিত যোগ্যতা ও শর্তাবলি অনুসরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ,
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম এবং হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. আবদুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, পিয়ার হোসেন পিয়ার, আবুল কালাম আজাদ, তবিবর রহমান, মাজেদুর রহমান মিলন ও নুর মোহাম্মদ বক্তব্য দেন।
এ ছাড়া সভায় সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, বাল্যবিবাহ বন্ধ করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে নারীর স্বনির্ভরতা অর্জন, পুষ্টি নিশ্চিতকরণ এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারীদের জীবনমান উন্নয়নে ভিডাব্লিউবি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
Reporter Name 

















