
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দর ও মাসুদ রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুবেল আমিনসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে কৃষি প্রণোদনা কর্মসূচি।
Reporter Name 

















