বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় চিরকুট রেখে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিয়া সুলতানা (১৬) শিচারপাড়া গুচ্ছগ্রামের রিকশাচালক মো. আবু সাঈদ খন্দকার ও মোছা. নাজমা বেগমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তার মা ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত এবং বাবা ঢাকায় অটোরিকশা চালান। বাবা-মা কর্মস্থলে থাকায় রাজিয়া তার দাদি মোছা. আছিয়া বেগমের সঙ্গে গ্রামের বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের তথ্যমতে, শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

