বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বগুড়াসহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও জেলা পরিষদ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে দুই ফটোসাংবাদিকের মধ্যে দুটি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা পরিষদের সহযোগিতায় এবং বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে সংগঠনের সদস্য মো. আব্দুস সালাম ও আল আমিনের হাতে ল্যাপটপ দুটি তুলে দেওয়া হয়।
এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, পূর্ববর্তী সময়ে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া হলেও কিছু প্রকল্প বাস্তবায়িত হয়নি। এসব প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার সারা দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এবং অর্থের অপচয় রোধ করে যথাযথভাবে ব্যয় করার চেষ্টা করা হচ্ছে।
জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মোস্তফা মোঘল, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, গোলজার হোসেন মিটুসহ অন্যরা।

