বগুড়া প্রতিনিধি:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বগুড়া জেলা প্রান্ত থেকে যুক্ত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম আহমেদ পিপিএমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বগুড়া শহরের চারমাথা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা আবর্জনা অপসারণ এবং আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ডেঙ্গুমুক্ত ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

