এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং অনুমোদনহীন উপাদান ব্যবহারের অভিযোগে ‘তন্ময় ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, তন্ময় ফুড প্রোডাক্টসের উৎপাদনস্থলে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। পাশাপাশি পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহারের ক্ষেত্রে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বেকারি পণ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং ঘোষণা ছাড়াই স্যাকারিন ব্যবহার করা হচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অভিযানের সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা অভিযোগগুলোর বিষয়ে দোষ স্বীকার করায় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১০ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ ও স্যাকারিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-১২, বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

