
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার যৌথ আয়োজনে বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, পারিবারিক ও সামাজিক পর্যায়ে নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা মনে করেন, সামাজিক অপরাধ ও অবক্ষয় রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ। এ ধরনের সচেতনতামূলক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Reporter Name 

















