শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া মহানগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শেরপুরের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৩ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন-এর নেতৃত্বে বগুড়া মহানগরের সেউজগাড়ী আমতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় মাদকবিরোধী অভিযানে মোঃ মজনু (২৭) নামে এক ব্যক্তিকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মজনু উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ বুদা শেখ।
অভিযান পরিচালনাকালে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

