এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‘রক্তাক্ষরে জুলাই’ কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে কলেজের সৈয়দ মুজতবা আলী ১০ তলা ভবনের সামনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি সাকিব হাসান তামিম, সেক্রেটারি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাঙ্গা এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আবু তালহা আফনানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি সাকিব হাসান তামিম বলেন, ছাত্রসমাজের ওপর নির্যাতন, গুম ও হত্যার মাধ্যমে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ছাত্রশিবিরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলেও সেই সিদ্ধান্ত স্থায়ী হয়নি এবং পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং সংশ্লিষ্ট বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা প্রয়োজন বলে তাদের সংগঠন মনে করে।
কলেজ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আবু তালহা আফনান জানান, মেডিকেল ক্যাম্পে সরকারি আজিজুল হক কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

