এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় পৃথক অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ঠান্ডা মিয়া (৫০), পিতা: মৃত মোনাত মিয়া, গ্রাম: বেলাই, থানা: শিবগঞ্জ; মো. শামীম হোসেন (৫৬), পিতা: মৃত আবতাব শাহ, গ্রাম: পেরী, থানা: গাবতলী; মো. সনি আহম্মেদ (২১), পিতা: মো. আব্দুল সালাম, মালগ্রাম; শ্রী ডন কুমার ঘোষ (৩৮), পিতা: শ্রী অমল চন্দ্র ঘোষ, মধ্য চেলোপাড়া; এবং মো. শিমুল শেখ (৪৫), পিতা: মৃত আবগান শেখ, ভাটকান্দি, বগুড়া।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। চতুর্থ আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং পঞ্চম আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

