দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন।

