দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের পার্শ্ব-আয়োজনে বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলনকক্ষে ‘অঙ্গীকার থেকে কার্যক্রমে: প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবার সমন্বয়’ শীর্ষক এ উচ্চপর্যায়ের পার্শ্ব-আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবার কার্যকর সমন্বয় এবং প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবায় দক্ষ ধাত্রীদের ভূমিকা আরও কার্যকরভাবে কাজে লাগানো এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে ধাত্রীসেবাকে যথাযথভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় মাতৃ ও নবজাতকের মৃত্যু প্রতিরোধে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

