দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিডার হলে ‘বাংলাদেশ–সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপ’ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রযুক্তি, মেধা ও অংশীদারত্ব’ প্রতিপাদ্যে এ সংলাপের আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি বিশেষ প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। এতে প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল। সংলাপে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সংলাপে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ড. সাইফ ইসলামের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনায় দক্ষ জনশক্তি, প্রযুক্তি ও বিনিয়োগের পাশাপাশি গবেষণা, কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ গবেষণা, শিক্ষা, নতুন উদ্যোগ এবং শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

