দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সিরাজগঞ্জ, ২০ আগস্ট ২০২৬: সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘সবুজায়নের প্রত্যয়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)-এর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। শুধু গাছ লাগানো নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তব্য শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি। পরে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, রাজশাহীর সহধর্মিণী ও রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী জনাব তাপসী রাবেয়া। এছাড়া সিরাজগঞ্জ জেলা পুনাকের অন্যান্য সদস্য, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

