দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর তাঁর বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেছিলেন স্ত্রী সামিরা হক। তবে মোশতাককে বিয়ে করার ইচ্ছা তাঁর নিজের ছিল না বলে জানিয়েছেন সামিরা।
সামিরার ভাষ্য অনুযায়ী, সালমান শাহর মৃত্যুর পর তিনি ভাবতেই পারেননি যে আবার বিয়ে করবেন। এমনকি সালমানের বন্ধুকেও বিয়ে করতে চাননি তিনি। কিন্তু তাঁর বাবা-মা মোশতাকের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন।
সামিরার বাবা-মায়ের যুক্তি ছিল, অন্য কোথাও বিয়ে হলে তাঁর অতীত নিয়ে নানা প্রশ্ন ও কথা শুনতে হতে পারে। কিন্তু মোশতাক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তাঁর পরিবার সামিরার অতীত সম্পর্কে আগে থেকেই সবকিছু জানত।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর সামিরা তাঁর বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরবর্তীতে মোশতাকের সঙ্গে সামিরার সংসারেরও ইতি ঘটে। ২০২১ সালের ২১ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়।
একই বছরের ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে তৃতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সামিরা।
সামিরার এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত জীবন ও পরবর্তী বিয়ে নিয়ে পুরোনো নানা প্রসঙ্গ সামনে আসায়।

