
‘নসিব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় ছিলেন তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছেন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর।
‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হোটেল থেকে শুটিংয়ের উদ্দেশে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, হাসি-ঠাট্টা করেন। পরে পোশাক পরিবর্তনের জন্য নিজের কক্ষে যান। পোশাক পরিবর্তন করে কক্ষ থেকে বের হওয়ার সময় দরজার সামনে পড়ে যান তিনি।
পরিচালক বলেন, “হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন, হার্ট অ্যাটাক করে মারা গেছেন।”
সোহেল খানের মরদেহ পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁর সাভারের ধামরাইয়ের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইকবাল।
শুটিংয়ের প্রস্তুতির সময় অসুস্থ হয়ে পড়েন
ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি জানান, বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিং চলছিল। সকালে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ের জন্য প্রস্তুত হন সোহেল খান। তাঁর জন্য গাড়িও নিচে অপেক্ষা করছিল।
জয় লেখেন, প্রোডাকশনের একজন কর্মী তাঁকে নিতে কক্ষে গেলে সোহেল খান কক্ষ থেকে বের হওয়ার সময় মাটিতে পড়ে যান। পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
শাহরিয়ার নাজিম জয় জানান, প্রথমে সহকর্মীরা বিষয়টিকে অন্য কোনো শারীরিক প্রতিক্রিয়া ভেবেছিলেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করে জয় তাঁর পোস্টে লেখেন, “প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।”
নাটক ও চলচ্চিত্রে দীর্ঘ অভিনয়জীবন
সোহেল খান কয়েক দশক ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের এক প্রজন্মের দর্শকের কাছে তিনি ছিলেন পরিচিত ও জনপ্রিয় মুখ। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় তাঁর যাত্রা শুরু হয়।
‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’-এর মতো একক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। ‘ফোরটোয়েন্টি’ ধারাবাহিকেও দীর্ঘ সময় অভিনয় করেছেন।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশ: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘কেমনে কি!’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
দর্শক তাঁকে বেশিরভাগ সময় হাস্যরসাত্মক চরিত্রে দেখেছেন। তবে খল চরিত্রেও অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
সোহেল খানের মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও দর্শকপ্রিয় বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: 

















