স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত শিক্ষিকার নাম সাবিনা ইয়াসমিন (৪২)। তিনি কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানের জননী ছিলেন এবং উল্লাপাড়ার আঁচলগাঁতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাবিনা ইয়াসমিন তার ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা মারা যান। দুর্ঘটনার পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
নিহতের মৃত্যুসংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযোগ করেন, ট্রাক মালিক ও অপ্রশিক্ষিত চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে, যা সাধারণ দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ডের মতোই। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, “ক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। আমরা পরিস্থিতি শান্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে আনতে সক্ষম হই।” তিনি জানান, লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

