দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে বাংলাদেশ ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। নেট মিটারিং পদ্ধতিতে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় এ সাশ্রয় সম্ভব হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রের বিদ্যুৎ বিল দাঁড়াত প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। তবে সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে নেট মিটারিং সুবিধা পাওয়ায় প্রকৃত বিদ্যুৎ বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এতে সম্ভাব্য বিদ্যুৎ ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।
সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের মধ্যে ডাক বিভাগের এই সাফল্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে একদিকে যেমন সরকারি অর্থের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে সরকারি স্থাপনাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণ করা সম্ভব হলে বিদ্যুৎ খাতে ব্যয় কমানোর পাশাপাশি টেকসই, পরিবেশবান্ধব ও জ্বালানিনিরাপদ বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

