এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আগামী ৫ ডিসেম্বর বগুড়ার মোকামতলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাস্টারপ্ল্যান গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে মোকামতলা খেলার মাঠের পাশে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। সেখানে সারা বছর বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সুযোগ থাকবে।
শিক্ষার্থীদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও জুতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য সাইকেল বিতরণের উদ্যোগও নেওয়া হবে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিনে ৫ হাজার মগ ও নিমগাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী রোববার অবশিষ্ট ৫৭ হাজার মগ ও চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ তুলে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমালোচনা করেন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান।

